২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগিতা অব্যাহত থাকবে: প্রণব

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে সফররত স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আশ্বস্ত করেছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 07:44 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তিনি বলেছেন, “দু’দেশকে অবশ্যই সহযোগিতার সকল ক্ষেত্রে চলমান গতি ধরে রাখতে হবে এবং তা আরো বাড়াতে হবে।”

শুক্রবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শিরিন শারমিন দেখা করতে গেলে একথা বলেন প্রণব।

তিনি বলেন, “একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় ভারত। দু’দেশের মধ্যে ভৌগোলিক ও অর্থনৈতিক সম্পর্ককে বাংলাদেশ ও ভারতের জনগণের জীবনমান উন্নত করার পারস্পরিক সুযোগ হিসেবে ব্যবহার করা যাবে।”

চারদিনের সফরে গত বুধবার ভারতে যান স্পিকার শিরিন শারমীন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার মীরা কুমার, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গেও দেখা করেছেন। শনিবার স্পিকার দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় শিরিন শারমীনকে অভিনন্দন জানান ভারতের প্রেসিডেন্ট।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে প্রণব স্পিকারকে বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের শরিক হতে ভারত পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

এসময় তিনি আনন্দের সঙ্গে গত বছর মার্চে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ উভয়ে দু‘দেশের সংসদের মধ্যে সহযোগিতা জোরদার করতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ তৈরি করেছে।

প্রণব বলেন, “এখন প্রয়োজন বিনিময়ের মাধ্যমে বৃহত্তর যোগাযোগ তৈরির চেষ্টা করা। দুই সংসদের মধ্যে ঘন ঘন বিনিময় হলে তা দু’দেশের মধ্যে জীবন্ত ও গতিশীল সম্পর্ক তৈরির ক্ষেত্রে খুবেই গুরুত্বপূর্ণ মাত্রা আনবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণব মুখার্জির অনুভূতিকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করে স্পিকার বলেন, ভারতের সব সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরীরে বরাতে বাসসের খবরে বলা হয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি সাম্প্রতিককালে বাংলাদেশে আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না।

স্পিকার বলেন, “সরকার সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সহিংসতা বন্ধ করতে সক্ষম হয়েছে।”

দেশে শান্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রণব মুখার্জি।

এসময় স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ভারতের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন। ভারতের রাষ্ট্রপতিও তার শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান।সাক্ষাতের সময় ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম উপস্থিত ছিলেন।