চার দিনেও ধর্ষণ মামলা নেয়নি পুলিশ
কলেজছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চারদিনেও ধর্ষণ মামলা না নেয়ায় মুন্সীগঞ্জের ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অভিযুক্তের বাড়িঘরে ভাংচুর করেছে।
শনিবার খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের কয়েকশ ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল করে এবং বাড়ৈখালী গ্রামে গিয়ে কথিত ধর্ষক সালামের বাড়িঘরে ভাংচুর চালায়।
বুধবার রাতে বাড়ৈখালী গ্রামের এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়। শুক্রবার মেয়েটি আত্মহত্যা করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তে ধর্ষণের ঘটনা প্রমাণ হলে ধর্ষণের মামলা নেওয়া হবে।
বর্তমানে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
শ্রীনগর সার্কেলের এএসপি মিয়া মো. কুতুবুর রহমান চৌধুরী জানান, ধর্ষণের তিনদিন পর মেয়েটি আত্মহত্যা করেছে। তাই ধর্ষণের আলামত নষ্টকারী সালিশদারদেরও আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়িতে একা পেয়ে মেয়েটির বাবার বন্ধু একই গ্রামের সাত সন্তনের জনক সালাম (৫৫) তাকে ধর্ষণ করে।
এ সময় ইয়াসমিনের চিৎকারে আশপাশের লোকজন এসে সালামকে হাতেনাতে ধরে ফেলে।
এরপর পর ওই বাড়িতে বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য জাহের মোড়ল, কালাম মেম্বার, হেলাল মাতবর, সিরাজুল ইসলাম মিলনের নেতৃত্বে সালিশ বসে।
সালিশে সালামকে তিন লাখ টাকা জরিমানা করে ইয়াসমিনকে গালমন্দ করা হয়। ক্ষোভ ও অপমানে শুক্রবার সকালে মেয়েটি ফাঁসিতে অত্মহত্যা করে।
