ভারত সফর শেষে ফিরেছেন স্পিকার
চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদ সচিব মো. আশরাফুল মকবুল বিমানবন্দরে স্পিকার শিরীন শারমিনকে স্বাগত জানান।
ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে গত ১২ ফেব্রুয়ারি ভারত যান শিরীন শারমিন।
১৩ ফেব্রুয়ারি লোকসভার অধিবেশন দেখতে যান শিরীন শারমিন চৌধুরী। ওই দিন প্রস্তাবিত তেলেঙ্গানা রাজ্য নিয়ে বিতর্কের জেরে ভারতের পার্লামেন্ট সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন।
আওয়ামী লীগের গত মেয়াদের শুরুতে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তার ঠিক চার বছর পর ভারত সফর করলেন শিরীন শারমিন। দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম বিদেশ সফর।
