২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার দাবিতে চবির কম্পিউটার সায়েন্স বিভাগে তালা

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 06:10 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার বেলা ১টার দিকে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে অফিস ও সভাপতির পক্ষে  তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টররিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে বেলা ২টার দিকে তারা তালা খুলে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের জানুয়ারি ও অগাস্ট মাসে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও পরীক্ষা হয়নি। তৃতীয় বর্ষের পরীক্ষা না হওয়া সত্ত্বেও দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন কাজী সাকিব হাসান সাংবাদিকদের বলেন, “পরীক্ষার তারিখ ঘোষণার জন্য বিভাগীয় সভাপতিকে বারবার অনুরোধ করা হলেও তিনি আমাদের পরীক্ষার তারিখ ঘোষণা না করে পরের ব্যাচের পরীক্ষার তারিখ দিয়েছেন।”

তাই ‘বাধ্য’ হয়ে আন্দোলন শুরু করেছেন বলে মন্তব্য এই শিক্ষার্থীর।

এ ব্যাপারে বিভাগীয় সভাপতি অধ্যাপক  মো. খাইরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে তালা লাগানোর মধ্যে দিয়ে কোনো ধরনের সমাধান হতে পারে না।”