একুশ ফেব্রুয়ারি উদযাপনে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের প্রস্তুতি
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
বরাবরের মতো এবারো প্রধান কর্মসুচি থাকবে নিউইয়র্ক সিটির জাতিসংঘ সদর দপ্তরের সামনে।
আয়োজকরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হবে। মূল কর্মসুচি শুরু হবে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিট থেকে।
পরদিন সকালে শিশু-কিশোরদের বাংলা-লিখন প্রতিযোগিতা এবং একুশের গ্রন্থমেলা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন।
উত্তর আমেরিকায় ‘মুক্তধারা ফাউন্ডেশন’ ও ‘বাঙালীর চেতনা মঞ্চ’ নামে দুটি সংগঠন গত ২২ বছর ধরে প্রবাসে এ অনুষ্ঠান আয়োজন করে আসছে।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার একুশের স্লোগান হচ্ছে- ‘রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই ইস্পাতদৃঢ় ঐক্য’।
এছাড়া বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তন ও জ্যাকসন হাইটসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হবে।
বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের অংশগ্রহণে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলা লিখন প্রতিযোগিত হবে জ্যাকসন হাইটসের ‘মুক্তধারা ফাউন্ডেশনে’।
এবারো বাংলাদেশে প্রকাশিত একুশের বইমেলার বই নিয়ে নিউইয়র্কে সপ্তাহব্যাপী ‘একুশের গ্রন্থমেলার’ আয়োজন করেছে সংগঠনটি। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, যা উদ্বোধন করবেন বিশিষ্ট লেখক-সাহিত্যিক ফেরদৌস সাজেদীন।
