ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গল-বুধ ছাত্রদলের ধর্মঘট
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গল ও বুধবার ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীদের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে আগামী ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের এ ডাক দেয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রেসকর্ণারে সংবাদ সম্মেলনে ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক এই ঘোষণা দেন।
সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাস পুড়িয়ে দেয়ার মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদকে ২৯ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে পুলিশ গ্রেপ্তার করে।
তার প্রতিবাদে এবং রাশেদের মুক্তিসহ ৫ দফা দাবিতে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট পালন করবে ইবি ছাত্রদল।
৫ দফা দাবির মধ্যে রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ গ্রেপ্তার ছাত্রদলের সব নেতাকর্মীর নি:শর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সব ছাত্র সংগঠনের সহাবস্থান, সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।
