হিন্দুর জমি দখল ও মারধরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
হিন্দু পরিবারকে নির্যাতনের অভিযোগে গোপালগঞ্জে যুবদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে জেলা যুবদলের সহ-সভাপতি এম এম শাহরিয়ার আহম্মেদ তুষারের (৩৮) বিরুদ্ধে মামলাটি করেন সদর উপজেলার দক্ষিণ ঘোষগাতী গ্রামের অজিত কুমার বিশ্বাস।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, মামলায় হিন্দু পরিবারের সদস্যদের মারধর, চাঁদা দাবি ও জোর করে জায়গা লিখে নেয়ার অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়েছে, উপজেলার বোড়াশী ইউনিয়নের দক্ষিণ ঘোষগাতী গ্রামের অসিত বিশ্বাসের কাছ থেকে জোর করে গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকার ছয় শতাংশ জমি টাকা না দিয়েই তুষার লিখে নেয়।
পাশের আরো ছয় শতাংশ জমি লিখে দিতে চাপ সৃষ্টি করে। হিন্দু পরিবারটি রাজি না হওয়ায় তুষার তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অপারগতা জানালে তুষার ৫/৬ দিন আগে ওই পরিবারের অসিত ও ১৫ দিন আগে অখিল বিশ্বাসকে বেদম মারধর করে।
এছাড়া বৃহস্পতিবার ঘোষগাতী গ্রামে অসিত বিশ্বাসের বাড়িতে ঢুকে তার ভাই অশোক বিশ্বাসকে মারধর করলে ওই গ্রামের হিন্দুরা থানায় এসে অভিযোগ করে।
গ্রামীবাসীর অভিযোগ পেয়ে আগেই তুষারকে আটক করে পুলিশ।
