২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পেল রানা প্লাজার ছবি

দুই বাংলাদেশি আলোকচিত্রী এ বছর পুরস্কৃত হয়েছেন ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায়, দুই জনেরই বিষয় ছিল রানা প্লাজা ধসে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 11:12 PM

Updated : 13 Oct 2022, 11:49 AM

সংবাদভিত্তিক আলোকচিত্র বা প্রেস ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ার্ল্ড প্রেস ফটোকে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিবেচনা করা হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম বাংলাদেশি নারী হিসেবে প্রেস ফটোর প্রতিযোগিতায় স্পট নিউজ বিভাগে একক আলোকচিত্র ক্যাটারিতে তৃতীয় হয়েছেন তাসলিমা আখতার। তিনি ফটোসাংবাদিকতা বিষয়ে শিক্ষকতার পাশাপাশি নারী আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

একই তালিকায় আলোকচিত্র কাহিনী বিভাগে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার। তিনি ‘বাংলাদেশ সংবাদ ৭১’-নামে একটি ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রে আলোকচিত্রী হিসেবে কাজ করেন।

তারা দুজনই গতবছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন। সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল ওই ভবন ধসে এক হাজার একশ’র বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন।

শনিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৪ এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরি বোর্ড।

বিগত বছরগুলোতে শফিকুল আলম কিরণ, শোয়েব ফারুকী, জিএমবি আকাশ ও অ্যান্ড্রু বিরাজসহ বেশ কয়েকজন আলোকচিত্রী এ প্রতিযোগিতায় পুরস্কৃত হলেও এবাই প্রথম একসঙ্গে দুই বাংলাদেশির ছবি পুরস্কার পাচ্ছে।

আলোকচিত্রবিষয়ক প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক তাসলিমার পুরস্কারপ্রাপ্ত ছবিটির শিরোনাম ফাইনাল এমব্রেস বা ‘শেষ আলিঙ্গন’। ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ আলোকচিত্রের তালিকায় ছিল।

ওই ছবিতে রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া এক নারী ও পুরুষ শ্রমিকের আলিঙ্গনের দৃশ্য রয়েছে।

বিপ্লবী নারী সংহতির সভাপতি তাসলিমা বামপন্থী সংগঠন গণসংহতি আন্দোলনেরও সদস্য।

আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত রাহুল তালুকদারের ফটো সিরিজের নাম কলাপস অব রানা প্লাজা বা রানা প্লাজা ধস।

প্রতিবছর নয়টি ক্যাটাগরিতে ২৫টি দেশের মোট ৫৩ জন আলোকচিত্রীকে এই পুরস্কার দেয় সংবাদভিত্তিক আলোকচিত্র বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো।

আলোকচিত্র ও ভিজ্যুয়াল মিডিয়ায় অবদান রাখার জন্য পুরস্কার প্রদানকারী এই প্রতিষ্ঠান ১৯৫৫ সালে আমস্টার্ডামে যাত্রা শুরু করে।

এবারের প্রতিযোগিতায় ১৯ জন বিচারকের রায়ে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার-২০১৩ জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী জন স্ট্যানমেয়ার।

প্রথম পুরস্কার পাওয়া ছবিতে দেখা যায়, জিবুতি শহরের পাশে সৈকতে রাতের বেলায় আফ্রিকার অভিবাসীরা স্বজনদের সঙ্গে কথা বলার জন্য পাশের দেশ সোমালিয়ার সস্তা মোবাইল নেটওয়ার্ক ধরার চেষ্টা করছেন।

ইউরোপ বা মধ্যপ্রাচ্যে উন্নত জীবনের লক্ষ্যে পাড়ি দেয়া সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার অধিবাসীরা এই জিবুতিতে যাত্রাবিরতি করেন।