আমেরিকা ভুল করছে: মুহিত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে ‘চাপ দিয়ে’ যুক্তরাষ্ট্র ভুল করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আর বিএনপি ‘দুষ্টু বুদ্ধির’ কারণে নির্বাচন থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
শুক্রবার সিলেটের কুমারগাঁওয়ে ২৮ মেগাওয়াট ক্ষমতার বেসরকারি শাহজাহান উল্লাহ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় সরকার মধ্যবর্তী নির্বাচনের দিকে যাবে কিনা- এমন প্রশ্নে মুহিত বলেন, “শোনো, কতোগুলো বিষয় আছে। এই সরকার বৈধ সরকার, আমেরিকা এটা ভুল করছে, অন্যরা ভুল করছে।”
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে এক শুনানিতে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, ৫ জানুয়ারির ‘ত্রুটিপূর্ণ’ নির্বাচন বাংলাদেশকে অস্থিতিশীলতার ঝুঁকির মধ্যে ফেলেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপেও সম্প্রতি বলা হয়, ওই নির্বাচনের পর দেশ ভুল পথে এগোচ্ছে বলে ৫৯ শতাংশ বাংলাদেশি মনে করছেন।
অর্থমন্ত্রী বলেন, “বিএনপি দুষ্টু বুদ্ধির জন্য পালিয়েছে। মানুষ ভোট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি।”
সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অফার করেছি বিএনপিকে, তোমরা আস, এইসব বোগাস কথাবার্তা বলো না যে তত্ত্বাবাধয়ক সরকার চাই। ডোন্ট টক অ্যাবাউট ইট, ইফ ইউ আর সেনসেবল।”
কিন্তু বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে সংলাপের ভবিষ্যত নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মুহিত।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ইংগিত দেন, বিএনপির সঙ্গে ‘সমঝোতা হলে ‘ দশম সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনও দেয়া হতে পারে।
তবে এর সঙ্গে বিএনপিকে ‘জামায়াতের সঙ্গ ও সহিংসতা’ ছাড়ার শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি।
নির্বাচনে জয়ের পরদিন ৬ জানুয়ারী রাজধানীর গণভবনে এক সংবাদ সম্মেলনেও ‘জামায়াতের সঙ্গ ছেড়ে’ বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ওই প্রস্তাবের জবাবে ৭ জানুয়ারি বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছিলেন, “বিএনপি তাদের রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না।”
এরপর থেকে সরকারের মন্ত্রীরা বলে আসছেন, পাঁচ বছর পরেই নির্বাচন হবে এবং তা হবে বর্তমান সংবিধান রেখেই।
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী মুহিতও।
তিনি সাংবাদিকদের বলেন, “সরকার যখন বসেছে, সরকারকে পাঁচ বছর থাকার কথা মাথায় নিযেই কাজ করতে হবে, নইলে তো কাজ করতে পারবে না। কারণ সরকারের তো একটা লক্ষ্যমাত্রা থাকবে, ইফেকটিভ সরকার হতে হবে।”
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অর্থবছরের বাজেট পরিকল্পনা নিয়েও অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং এবার বাজেটের আকার হতে পারে অন্তত আড়াই লাখ কোটি টাকা।
গত সরকারের শেষ অর্থবছরে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ, নির্বাচনে জয়ী হয়ে সেই বাজেট এখন তারাই বাস্তবায়ন করছে।
‘ত্রুটিপূর্ণ নির্বাচনে অস্থিতির মুখে বাংলাদেশ’
‘মধ্যবর্তী নির্বাচন মামার বাড়ির আবদার’
‘নতুন নির্বাচনের পক্ষে বেশিরভাগ মানুষ’
স্পষ্ট হল, ‘একদলীয়’ শাসনের দিকে আ. লীগ: ফখরুল
ভোট ৫ বছর পর এই সংবিধানেই: আশরাফ
