২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা ঘোষণার সময় দেখা গেল আসামি উধাও!

মামলার কার্যক্রমের শুরুতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় এজলাসের বাইরে থেকে উধাও হয়েছে এক আসামি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ। পলাতক আসামির নাম মিল্টন সরকার (৩৫)।

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অপরাধে করা মামলায় টাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম পরে আসামি মিল্টনের অনুপস্থিতিতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকেই মিল্টন জামিনে ছিলেন। বৃহস্পতিবার মামলার কার্যক্রমের শুরুতে আইনজীবীর মাধ্যমে তিনি হাজিরাও দেন।

“কিন্তু সাজা হতে পারে বুঝতে পেরে তিনি এজলাসে না ঢুকে গা-ঢাকা দেন। রায় ঘোষণার সময় তাকে আর পাওয়া যায়নি।”

পিপি চন্দন তালুকদার জানান, ২০১০ সালের ৩০ এপ্রিল পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন মিল্টন।

এ ঘটনায় সালেহা বাদি হয়ে ওই বছরের ৩ মে আদালতে মামলা করেন। পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

মোট তিন জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

চন্দন তালুকদার জানান, মিল্টন সরকার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিংহড়া গ্রামের হরিশচন্দ্র সরকারের ছেলে।

২০০৮ সালের ১০ জানুয়ারি তিনি ধর্মান্তরিত হয়ে আব্দুর রহমান নাম নিয়ে প্রতিবেশি সালেহা বেগমকে বিয়ে করেন।

মামলা চলাকালেই সালেহাকে তালাক দিয়ে মিল্টন আবার হিন্দুধর্ম গ্রহণ করে আবার বিয়ে করেছেন।