২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নারায়ণগঞ্জে অভিযান শুরু হচ্ছে

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আসছে রোববার অভিযানে নামতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় তিতাসের অফিসে এসে এ কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম বলেন, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় প্রায় ২০০ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপন করে অবৈধ সংযোগ নেয়া হয়েছে।

“অবৈধ পাইপ লাইন স্থাপনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।”

তিনি জানান, এসব অবৈধ সংযোগ দেয়ায় জড়িত থাকার অভিযোগে ২০ ঠিকাদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিতাসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীকেও বরখাস্ত করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

জুন নাগাদ নারায়ণগঞ্জের গ্যাস সংকট কাটবে

নারায়ণগঞ্জের গ্যাসের সংকট পসঙ্গে তিনি জানান, গ্যাসের চাপের সমস্যা সমাধানে ১৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি ব্যার্সাধের পাইপ লাইন স্থাপনের কাজ চলছে।

আগামী জুনের মধ্যে গ্যাসের চাপ সমস্যার উন্নীত হবে বলে তিনি আশা করেন।

একই সঙ্গে বকেয়া বিল আদায়ে শীঘ্রই উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।