দুই কব্জি নেই, তবু থামেনি আছমা
তিন বছর বয়সে কুড়িয়ে পাওয়া বোমায় দুই হাতের কব্জি হারালেও অন্যদের মতো লেখাপড়া চালিয়ে যাচ্ছে ফেনীর আছমা আক্তার।
সোনাগাজী উপজেলার একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে আছমা। শারীরিক প্রতিবন্ধীদেরকে নির্ধারিত সময়ের অতিরিক্ত আরো যে বিশ মিনিট সময় দেয়া হয়, তা নিতেও রাজি নয় সে।
বরং নির্ধারিত সময়ের চেয়েও কম সময় নিয়ে সব প্রশ্নের উত্তর শেষ করেছে।
সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন জানান, আছমাকে বিশ মিনিট সময় অতিরিক্ত নিতে বললেও সে নির্ধারিত সময়ের বেশ কয়েকমিনিট আগেই উত্তরপত্র লিখে জমা দিয়ে দেয়।
সোনাগাজীর ওলামা বাজার হাজী সেকান্দর মিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
মা ছালেহা বেগম প্রতিদিনি সোনাগাজী শহরের বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসেন পরীক্ষা দিতে। আর কব্জিতে এসেই থেমে যাওয়া দুই হাতে কলম ধরে লিখে চলে আছমা।
উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর পশ্চিম চরচান্দিয়া গ্রামে এক দিনমজুর পরিবারে জন্ম আছমা আক্তারের। জন্মের এক বছর পরই তার বাবা আজহারুল হক মারা যান।
ছালেহা বেগম জানান, ১৯৯৯ সালের মার্চে ঘরের পাশে খেলতে গিয়ে বল ভেবে বোমা কুড়িয়ে নিলে আছমার হাতেই তা বিস্ফোরিত হয়।
“সেখানেই দুটি হাতের কব্জির উপরের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়ে অজ্ঞান হয়ে যায় সে।”
তখন তার বয়স মাত্র তিন বছর।
মানুষের বাড়িতে কাজ করে চিকিৎসার চেষ্টা করেন তিনি। একসময় বাধ্য হন একমাত্র সম্বল ভিটেটুকু বিক্রি করে দিতে।
ছয় বছর বয়সে আছমাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান ছালেহা।
পরীক্ষাকক্ষের বাইরে থেকে দেখা গেল অদম্য আছমাকে। দুই হাতে কলম নয়, যেন নিজের ভবিষ্যতকেই আকড়ে ধরেছেন তিনি।
তবুও মায়ের আশঙ্কা, পরের ধাপগুলোতে মেয়েকে এগিয়ে দিতে পারবেন তো?
