রব্বানী হত্যা: সাজা বাড়ল ২ আসামির, খালাস ১
বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী কমোডর গোলাম রব্বানী হত্যা মামলায় বিচারিক আদালতে পাঁচ বছর কারাদণ্ড পাওয়া দুই আসামিকে যাবজ্জীবন দিয়েছে হাই কোর্ট।
যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামির সাজা বহাল রাখলেও খালাস দেয়া হয়েছে আরেকজনকে।
এছাড়া বিচারিক আদালতে খালাস পাওয়া আরেক আসামির বিষয়ে রায় পুনরায় দিতে বলেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ।
এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিদের আপিল শুনানি করে বুধবার হাই কোর্ট এই রায় দেয়।
আসামিদের মধ্যে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রোসেসিং জোনের (কেইপিজেড) সাবেক মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী ও সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীর সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মোহাম্মদ সেলিমের আপিল খারিজ করে তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হলেও আবদুল মালেক সোহেলের আপিল গ্রহণ করে তাকে খালাস দেয়া হয়েছে।
আর নিম্ন আদালতে খালাস পাওয়া সাইফুল ইসলামের বিষয়টি পুনরায় রায়ের জন্য বিচারিক আদালতে পাঠিয়েছে হাই কোর্ট।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আসামিদের সবাই জামিনে ছিলেন। তাদের মধ্যে নাসের, হুমায়ুন ও সেলিমকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে আদালত।
এছাড়া সাইফুলকেও বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
২০০৪ সালের ১১ এপ্রিল মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন কেইপিজেডের তখনকার ব্যবস্থাপনা পরিচালক কমোডর গোলাম রব্বানী। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর তার মৃত্যু হয়।
তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের এডিসি (an aide-de-camp) হিসাবে দায়িত্ব পালন করা নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রব্বানী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নৌ-পরিবহন বিভাগের মহাপরিচালকও ছিলেন।
হামলার ঘটনার পর কেইপিজেডের সাবেক প্রকৌশলী একেএম এমতাজুল ইসলাম চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগে একটি মামলা করেন। গোলাম রব্বানীর মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা নিয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে বিরোধের জেরে রব্বানীকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগ।
২০০৫ সালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলার আসামি মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হাশেম ও আব্দুল মালেক সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে দেয়া হয় পাঁচ বছর কারাদণ্ড।
বিচারিক আদালতের বিচারক এম হাসান ইমাম রায়ের পর্যবেক্ষণে জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার ফারুক আহমেদের তদন্তে অনেক দুর্বলতা ও ফাঁকফোকর ছিল। তিনি অভিযুক্তদের কারো ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি নেননি। রব্বানীর পরিবারের কোনো সদস্যকেও সাক্ষী করেননি।
রায়ের পর আসামিরা সবাই হাই কোর্টে আপিল করেন। আসামিদের সবার সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষও আপিল করে।
এর মধ্যেই ২০০৫ সালে হাই কোর্ট থেকে জামিন পায় আসামিরা।
বিচারিক আদালতে দণ্ডিতদের মধ্যে যাবজ্জীবন পাওয়া হাশেম ২০০৮ সালে হাই কোর্টে খালাস পান।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “এমন একজন দেশপ্রেমিক নাগরিককে হত্যার দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। হাই কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর সর্বোচ্চ আদালতে আপিলের বিষয়টি আমরা বিবেচনা করব।”
