চড়া চাহিদায় গদখালীর ফুলের রাজ্য
আসছে বসন্তবরণ, ভালবাসা দিবস আর মাতৃভাষা দিবসের মৌসুমে যশোরের গদখালীতে আট কোটি টাকার ফুল কেনাবেচা হবে বলে ধারণা করছেন ফুল ব্যবসায়ীরা। গতবার এ মৌসুমে ছয় কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল এ বাজারে।
সূর্য ওঠার আগেই প্রতিদিন চাষি, পাইকার, মজুরের হাঁকডাকে মুখর হয়ে উঠছে যশোর শহর থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গদখালীর ছোট্ট বাজার।
দূরদূরান্ত থেকে ফুল কিনতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আসছেন। সকাল থেকেই বিভিন্ন রুটের বাসের ছাদে স্তূপ করে ফুল সাজানো হচ্ছে, পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরে ট্রাক-পিকআপ ভ্যান ভরে ফুল যাচ্ছে।
এবার ফুলের বিক্রিবাট্টা আট কোটি টাকার সীমা ছোঁবে বলে আশা করছেন গদখালীর ফুলচাষি ‘বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির’ সভাপতি আব্দুর রহিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার দাম ও বেচাকেনা দুটোই ভাল হওয়ায় আমরা দারুণ খুশি। ফুলের উৎপাদন, চাহিদা ও দাম সবই বেশি হওয়ায় এ অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীদের মুখে এখন হাসির ঝিলিক।”
গত কয়েকদিন ধরে সারাদেশের পাইকাররা ভিড় করছে এখানকার বাজারে। প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার উপর ফুল বিকিকিনি হচ্ছে।
তিনি আরো বলেন, “দেশে বসন্তবরণ উৎসব, ভ্যালেন্টাইনস ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে ফুল বেচাকেনা হয় তার অন্তত ৭৫ ভাগ যশোরে উৎপাদিত হয়।”
তবে যেকোনো সময়ের তুলনায় এবার চাহিদা অনেক বেশি হওয়ায় ফুলের যোগান দিতে আগাম প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন গদখালীর চাষিরা।
ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের গোলাম রসুল ফুল চাষ করেন। তিনি এবার ১০ বিঘা জমিতে গোলাপ, জবা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস ফুলের পাশাপাশি ইউরোপের অপূর্ব ‘জারবেরা’ ফুলটিও চাষ করেছেন।
আবহাওয়া ভাল থাকায় বাগানে আগের চেয়ে বেশি ফুল এসেছে। ফুল বেচে পাঁচ-ছয় লাখ টাকা ঘরে তুলতে পারবেন বলে আশা তার।
জারবেরা ফুলটি এবার কৃষকের ঘরে বিশেষ উপহার হয়ে এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
এ ফুলের চাহিদা বেশি থাকায় চাষিরা অনেক লাভবান হবেন বলেও তিনি আশা করছেন।
ঝিকরগাছার কাগমারী গ্রামের রকিবুল ইসলাম বলেন, “দুদিনে আমি দেড় লাখ টাকার জারবেরা বিক্রি করেছি।”
বিদেশি এই ফুল খুব কম জমিতেই চাষ হয়েছে বলে জানালেন ফুলচাষি ফজলুর রহমান।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটের অভিজাত এলাকার ফুলের দোকান ছাড়া সাধারণত জারবেরা রাখা হয় না।
ঝিকরগাছার কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা জাইদুল ইসলাম জানান, তাদের তত্ত্বাবধানে ৫০০ ফুলচাষি ফুলের চাষ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আবহাওয়া ভাল থাকায় ফুলের উৎপাদনও বেশি হয়েছে।”
এবার প্রতিবিঘায় উৎপাদিত ফুলচাষিরা গড়ে ৬০-৭০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
সৈয়দপাড়ার আতিয়ার রহমান গাজি দুদিনে প্রায় লাখ টাকার গোলাপ বিক্রি করেছেন। আর পটুয়াপাড়ার সাহেব আলী শুধু রোববারই বিক্রি করেছেন ৪০ হাজার টাকার লাল গোলাপ।
ঝিকরগাছার হাড়িয়া গ্রামের চাষি শাহাজাহান আলী জানালেন, গত তিনদিনে তিনি দুই লাখ টাকার জারবেরা, গ্ল্যাডিউলাস ও গোলাপ বেচেছেন।
এখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, গ্ল্যাডিওলাস, জিপসি, ক্যালেন্ডুলা, ডালিয়া, লিলিয়াম, চন্দ্র মল্লিকাসহ নানা জাতের ফুলের চাষ হয়।
গদখালী বাজারে ফুল কিনতে আসা পিরোজপুরের ফুল ব্যবসায়ী তওফিক এলাহী বলেন, “৩০ হাজার টাকা নিয়ে ফুল কিনতে গদখালী এসেছি। এসে দেখি ফুলের বাজার খুব চড়া।”
রোববার গদখালী বাজারে দেখা গেল, জারবেরার স্টিক বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়, গোলাপ ৬-৮ টাকায়, রং ভেদে গ্ল্যাডিওলাস ৩- ১০ টাকায়, এক হাজার গাঁদা মিলছে ৩৫০ টাকায়।
