২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারা সুসংহত রাখার পাশাপাশি যে কোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সজাগ ও প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার সেনাসদরে জেনারেলদের সভায় তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ৫ জানুযারির নির্বাচন হয়েছে।

“এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য সশস্ত্র বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে।”

সেনাবাহিনীতে শৃঙ্খলা সম্মুন্নত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের তাদের অধঃস্তনদের সামনে নৈতিকতা, সততা ও কর্তব্যপরায়নতার দৃষ্টান্ত তুলে ধরতে হবে।

“অধঃস্তনদের শ্রদ্ধা ও আনুগত্য অর্জন করতে হবে। তাদের সকল প্রয়োজনীয়তা আশা-আকাঙ্ক্ষা ও চিন্তা ভাবনার দিকে লক্ষ রাখতে হবে।”

একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী সশস্ত্রবাহিনী গঠনে সরকারের সদিচ্ছা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা যখনই সরকার গঠন করেছি তখনই সশস্ত্রবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে উদ্যোগ নিয়েছি।

“আমরা গর্ব করে বলতে পারি যে, সশস্ত্র বাহিনীর যতো উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়ই হয়েছে।”

সেনাবাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত হওয়ায় তাতে শুধু সমর শক্তিই বাড়েনি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা সদস্যদের পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে তা সহায়তা করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রাশিয়া, চীন ও সার্বিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীর সকল পদবীর সদস্য ও তাদের পরিবারের জন্য সর্বমোট ৩৭০টি বিভিন্ন টাইপের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সেনাবাহিনীর জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের জন্য ৮৩৬টি বাসস্থান নির্মাণ করা হয়েছে। এর বাইরে ৪৫০ জনের ধারণক্ষমতার চারটি অফিসার্স মেস নির্মাণ হচ্ছে।

এছাড়া এক হাজার ৩৮০ জন সেনাসদস্যের জন্য মেস ও এসএম ব্যারাক নির্মাণ করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য নেয়া বিভিন্ন প্রকল্পও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নতুন পদ সৃষ্টির ফলে ক্যাপ্টেন থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ৫৭০টি পদ সৃষ্টি হয়েছে, যা সেনাবাহিনীকে আধুনিক করার পাশাপাশি প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আনবে।

“কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ- এই মূলমন্ত্রকে সামনে রেখে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে আরও গতিশীলতা ও আধুনিক করার লক্ষ্যে আমি ইতোমধ্যেই বাংলাদেশ মিলিটারী একাডেমিতে ক্যাডেটদের দুই বছরের পরিবর্তে তিন বছরের প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছি,” বলেন তিনি।

সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারদের প্রথম শ্রেণিতে এবং সার্জেন্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা।

পর্যায়ক্রমে সেনাবাহিনীর চারটি ফরমেশনে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আদলে চারটি মেডিকেল কলেজ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস এবং চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সেনাবাহিনীর অংশগ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উদ্ধারকাজে ব্যবহৃত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক সরঞ্জামাদি কেনা হচ্ছে।

নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সব জেলায় সেনাবাহিনীর উপস্থিতিতে জনগণ নির্ভয়ে ভোট দেয়ায় সব সেনা সদস্যকে ধন্যবাদ প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধানসহ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।