২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেনে কাটা ২ লাশ উদ্ধার

যশোরে দুই উপজেলায় ট্রেনে কাটা এক যুবক ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সকালে সদর উপজেলার রূপদিয়া এবং শার্শা উপজেলার নাভারন এলাকায় এ দুই লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার রিংকু (৩০) ও নাভারন রেলবস্তির বাসিন্দা জবেদা খাতুন (৯০)।

রেলওয়ে পুলিশের (জিআরপি) যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয় লোকজনের মুখে খবর পেয়ে রূপদিয়া ফাঁড়ি পুলিশ হাটগোপালপুর রেললাইন থেকে রিংকুর দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে।

পরে খুলনা জিআরপি পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

অপরদিকে সকাল ৯টায় শার্শার নাভারন রেলবস্তির পাশে রেললাইনে বেনাপোলগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন বৃদ্ধা জবেদা।

জিআরপি ফাঁড়ি পুলিশ লাশটি সেখান থেকে উদ্ধার করে বলে জানান এসআই সেকেন্দার।