২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংমার্চ সাতকানিয়ায়

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে লংমার্চ সাতকানিয়ায় পৌঁছেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ওয়াসা মোড় থেকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদ’-এর আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। পটিয়া ও দোহাজারিতে দুটি পথসভা করে বেলা আড়াইটায় সাতকানিয়ার কেরানিরহাটে পৌঁছান তারা।

সমন্বয় পরিষদের নেতাকর্মীরা ছাড়াও নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক ও মাইক্রোবাস নিয়ে এই লংমার্চে অংশ নেন। বিকালে কেরানীহাটে একটি সমাবেশ করার কথা রয়েছে তাদের।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হলে সাতকানিয়ায় একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এরপর বিভিন্ন সময় অবরোধ-হরতালে জামায়াত-শিবির কর্মীরা কয়েকশ’ গাছও কেটে ফেলে।

এরপর গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে ওই এলাকায় ব্যাপক তাণ্ডব চলে; ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। ভোটের দিন ঢেমশা বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। তাদের হামলায় তিন নির্বাচনী কর্মকর্তা ও দুই পুলিশ গুরুতর আহত হন।

১৭ জানুয়ারি সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা মুহুরী পাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় সাতটি বসতঘর। এসব ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের দায়ী করেছে পুলিশ।

এরপর গত ২০ জানুয়ারি লালদীঘি মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদের সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী।

শনিবার সকালে ওয়াসা মোড়ে লংমার্চ  শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “দেশের কোথাও কোনো অঘটন ঘটলে তার সুরাহা করার দায়িত্ব রাজনীতিবিদ হিসেবে আমাদের।… আমরা সব ধর্মের লোক যাতে একসাথে সুন্দরভাবে থাকতে পারি সে কথা বলতেই লংমার্চ নিয়ে সাতকানিয়া যাচ্ছি।”

শান্তির বার্তা নিয়ে সাতকানিয়া যাচ্ছেন মন্তব্য করে মহিউদ্দিন বলেন, সাম্প্রদায়িকতার কোনো স্থান এই দেশে নেই।

মহিউদ্দিন ছাড়াও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া থেকে নির্বাচিত এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, সম্প্রীতি পরিষদের আহবায়ক জহিরুল আলম দোভাষ, সংগঠক জহরলাল হাজারী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক যানবাহন নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।