পিরোজপুরের স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্কুলছাত্র আরিফ তালুকদারকে (১৫) হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তাররা হলেন আল আমিন তালুকদার (১৭) ও জসীম ফরাজী (১৭)।
গত বুধবার রাতে ঢাকার কেরাণীগঞ্জের গোলাম বাজার এলাকায় আল আমিনের ভাড়াঘর থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়।
আল-আমিন তালুকদার পিরোজপুরে মঠবাড়ীয়া উপজেলার ঘোপখালী গ্রামের অলিউর রহমান তালুকদারের ছেলে এবং তার বন্ধু জসিম ফরাজী একই গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে। নিহত আরিফ ছিল আল আমিনের চাচাতো ভাই।
বগেরহাট মডেল থানার সহকারী উপ পরিদর্শক আশরাফ আলী জানান, ঢাকার কেরাণীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার সূত্র এবং নিহতের আত্মীয় স্বজনের চেষ্টায় শহরের দশানী এলাকা থেকে আল আমিন ও জসীমকে গ্রেপ্তার করা হয়।
এখানে তারা তাদের এক আত্মীয় বাড়িতে আত্মগোপণ করেছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
শুক্রবার ভোরে তাদের কেরাণীগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে।
এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কেরাণীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান মুন্সী জানান, আল আমিন ও আরিফ পরস্পর চাচাতো ভাই। আল আমিনের কাছে আরিফ চার হাজার টাকা পায়।
গত রোববার আল আমিন মোবাইল ফোনে আরিফকে কেরাণীগঞ্জে এসে টাকা নিয়ে যেতে বলে।
ধারণা করা হচ্ছে আরিফ আল আমিনের ফোন পেয়ে টাকা নিতে এসেছিল। তবে কেন, কখন এবং কীভাবে আরিফকে হত্যা করা হয়েছে সে বিষয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বুধবার রাতে ঢাকার কেরাণীগঞ্জের গোলাম বাজার এলাকায় আল আমিনের ভাড়াঘর থেকে আরিফের কম্বল পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার আরিফ মঠবাড়ীয়ার ঘোপখালী গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়।
সে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
