২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কুড়িয়ে পাওয়া বোমায় কিশোর আহত

ফেনীর দাগনভুইঞা উপজেলায় কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

উদরাজপুর গ্রামের বাংলাবাজারে শুক্রবার বিকালে এ বিস্ফোরণে আহত জিয়াউর রহমান (১৬) ফেনী পৌরসভার দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোডের বাচ্চু মিয়ার ছেলে।

বিস্ফোরণে তার ডান হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভুঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, বিকালে বাংলাবাজার এলাকায় প্রতিদিনের মতো পুরানো জিনিসপত্র খুঁজছিল জিয়াউর। এ সময় সেখানে টেপ মোড়ান একটি বস্তু পেয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।

স্থানীয় লোকজন প্রথমে তাকে দাগনভুইঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় দাগনভুইঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।