২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসাম্প্রদায়িক দেশ হতে হলে জাতিনিরপেক্ষ হতে হবে’

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ওপরও জোর দিয়েছেন সমাজ ও রাজনীতির বিশ্লেষক সলিমুল্লাহ খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 09:21 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার চট্টগ্রামে খেলাঘর আসরের এক আলোচনায় তিনি ধর্মভিত্তিক রাষ্ট্র নাকচ করে বাংলাদেশের জন্মের ইতিহাসও মনে করিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে ‘আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা চক্রের প্রধান আলোচক ছিলেন সলিমুল্লাহ খান।

তিনি বলেন, “ধর্মভিত্তিক রাষ্ট্র নাকচ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল।

“বাংলাদেশ স্বাধীন হবার পর জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। ১৯৪৭ থেকে একাত্তর পর্যন্ত ধর্মের যে দোহাই ছিল, তা দেশের মানুষ উপেক্ষা করেছে মুক্তিযুদ্ধে। ইতিহাসের সন্ধিক্ষণেই হিন্দু-মুসলমানসহ অন্যান্যরা এক হয়েছিল।’’

তবে যে আদর্শ ধারণ করে প্রতিষ্ঠা হয়েছিল, তা থেকে বাংলাদেশ এখন সরে এসেছে বলে মন্তব্য করেন সলিমুল্লাহ খান।

“বাংলাদেশ হয়েছিল ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠার জন্য। ওখান থেকে আমরা কেন সরে এসেছি?”

এই শিক্ষক বলেন, রাষ্ট্রকে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক হতে হলে জাতি নিরপেক্ষ হতে হবে।

“সাম্প্রদায়িকতার উৎপত্তি অন্যায়ের মধ্যে, এটি রোধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। টিকে থাকতে হলে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হতে হবে।”

তরুণদের সত্যকে খুঁজে বের করার পরামর্শ দিয়ে সলিমুল্লাহ খান বলেন, “সত্য প্রতিষ্ঠার পথ একটাই, সংগ্রাম। এর জন্য ঘরে বসে থাকলে চলবে না।”

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল।

আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি রথীন সেন।

প্রথম আলোর সমালোচনা

আলোচনায় প্রথম আলোকে ‘সুশীল’ আখ্যা দিয়ে পত্রিকার সাম্প্রতিক শ্লোগানের সমালোচনা করেন সলিমুল্লাহ খান।

তিনি উপমহাদেশের সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের রাষ্ট্রীয় সেবক সংঘ, নরেন্দ্র মোদী, আন্না হাজারের কথা টেনে বলেন, এরা ন্যায়, সমতার কথা বললেও এদের মধ্যে এক ধরনের ফ্যাসিস্ট শক্তির বহিঃপ্রকাশ পাওয়া যায়।

“এদেশে এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা আন্না হাজারেপন্থী।”

“প্রথম আলো বলে একটা পত্রিকা আছে, যেটা নিজেদের সুশীল ভাবে। কিন্তু তারা কোনোদিন গরিবের পক্ষে একটা লাইনও লেখে নাই। অথচ তারাই স্লোগান দেয় ‘যতদিন তোমার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ’।”

“আমার হাতে কলা ধরিয়ে দিয়ে বলা হচ্ছে আমি নাকি বাংলাদেশের মালিক,” বলে একে ‘ফ্যাসিস্ট স্লোগান’ বলে উল্লেখ করেন সলিমুল্লাহ খান।

“এসবের নাম যদি সুশীল হয়, তবে বিবেকের তাড়নায় আমি সুশীল হতে পারব না,” বলেন তিনি।

সংবাদপত্রটির সমালোচনার সঙ্গে সলিমুল্লাহ খান এটাও বলেন, “প্রথম আলো জেনেশুনে এ কাজ করছে কি না, আমি জানি না।”