২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য হবে জাতীয় বিশেষ শিক্ষা ইনস্টিটিউট

শ্রবণ, বাক, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য জাতীয় বিশেষ শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নাছিমা বেগম বলেন, “সরকার জাতীয় বিশেষ শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শ্রবণ, বাক, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধীরা বিশেষ শিক্ষা গ্রহণ করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

বাংলা ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলেন, বাংলাদেশে বাংলা ইশারা ভাষা থাকবে একটি। এটি যেন সবাই আয়ত্ত্বে এনে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে কাজ করা হবে।

তবে এজন্য সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

“প্রমিত ইশারা ভাষা ঠিক করে এ ভাষাকে স্বীকৃতি দিতে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে যেতে পারবো বলে আশা রাখি,” বলেন নাছিমা বেগম।

অতীতে কী হয়নি তা বিবেচনায় না এনে বর্তমান সরকার ইশারা ভাষার উন্নয়নে কী করছে সেদিকে গুরুত্ব দিতে সবাইকে অনুরোধ করেন তিনি।

‘বাংলা ইশারা ভাষার ব্যবহার, শ্রবণ প্রতিবন্ধী মানুষের অধিকার’ শ্লোগান নিয়ে এ বছর বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) যৌথভাবে আলোচনা সভার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সারা দেশের প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নেন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর বলেন, ইশারা ভাষা হলো সংগীতের মতো। তা কানে শোনা না গেলেও হৃদয়কে স্পর্শ করে।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সব সময় শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি।

সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের কষ্ট পরিবারের লোকেরা বোঝার চেষ্টা করলেও অন্যরা বোঝেন না। সমাজে সবাই যদি ইশারা ভাষা জানতো তবে এ মানুষগুলোর (শ্রবণ ও বাক প্রতিবন্ধী) অনেক কথা অনুভব করা সহজ হতো।

আলোচনা অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) সভাপতি এম ওসমান ফারুক বলেন, বাংলা ইশারা ভাষা বিকাশের ইতিহাস দীর্ঘদিনের। অর্ধশতাব্দী আগে বাংলাদেশের শ্রবণ প্রতিবন্ধী কিছু মানুষ ‘জাতীয় বধির সংস্থা’ গঠনের মধ্য দিয়ে সংগঠিত হয়।

পরবর্তীতে দেশব্যাপী শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য বিভিন্ন সংস্থা গড়ে ওঠে। এসব সংস্থার প্রচেষ্টায় এদেশে ইশরা ভাষার প্রাথমিক বিকাশ ঘটে।

১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় বধির সংস্থার উদ্যোগে বাংলা ইশারা ভাষার একটি অভিধান প্রকাশিত হয়। কিন্তু এরপরে সরকারের পক্ষ থেকে এ ভাষার বিকাশে আর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এরপর একটি পরিবর্তন আসে ২০০৯ সালে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় পর‌্যায়ে ইশারা ভাষা ব্যবহারের নির্দেশনা দেন। এতে এ ভাষার বিকাশে নতুন আশার সঞ্চার হয়।

এই প্রেক্ষাপটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১১ সালে আন্তঃমন্ত্রণালয় সভায় ৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়, যদিও মন্ত্রিপরিষদ বিভাগে এখনো তা অনুমোদন হয়নি।

ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের দশজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।