সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ দস্যু আটক
সুন্দরবনে পৃথক অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদী থেকে দুই বনদস্যুকে এবং লাউডোব এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪টি গুলি উদ্ধার করে কোস্টগার্ড।
আটকরা হলেন, সাতক্ষীরার ডুমুরিয়া উপজেলার লক্ষ্মীখালী গ্রামের কাসেম গাজীর ছেলে আবুল হোসেন (৩০) এবং শ্যামনগর উপজেলার বেতখালী গ্রামের ঢালির ছেলে মনিরুল ইসলাম (২৭)। তাদের বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
কোস্টগার্ড দাবি করেছে, তারা জাহাঙ্গীর বাহিনীর সদস্য। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার বলেন, কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবন পশ্চিম বিভাগের দুটি এলাকায় অভিযান চালিয়ে রামদাসহ দুই বনদস্যুকে আটক এবং পরিত্যক্ত অবস্থায় তিনটি শ্যুটারগান ও ১৪টি গুলি উদ্ধার করেছে। এরা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য।
