‘অস্তিত্বের প্রশ্নে নিরপেক্ষ থাকা যায় না’
শাহবাগের আন্দোলনে অংশ নেয়ায় নিরপেক্ষতা নিয়ে অনেক মহল প্রশ্ন তুললেও গণমাধ্যমকর্মীরা মনে করছেন, ‘অস্তিত্বের প্রশ্নে নিরপেক্ষ থাকা যায় না’।
গণজাগরণ মঞ্চের এক বছর পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয়দিন বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনের দিনগুলো নিয়ে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে সাংবাদিকরা নিজেদের এ অবস্থান তুলে ধরেন।
স্মৃতিচারণে এটিএন নিউজের সহযোগী বার্তা প্রধান প্রভাষ আমিন বলেন, “গণজাগরণ মঞ্চে এসে গণমাধ্যমকর্মী থাকতে পারিনি। এখানকার একজন কর্মী হয়েছিলাম। আমরা নিরপেক্ষ, তবে ন্যায়, সত্য ও স্বাধীনতার ক্ষেত্রে নিরপেক্ষ থাকা যায় না।”
এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন বলেন, “নিজের দায়িত্ববোধ থেকে সাংবাদিকরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে আসছেন এবং বিচারের জন্য আগে থেকে কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এক্ষেত্রে নিরপেক্ষতার কথা বলেন অনেকে। কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারি না।”
দেশ টেলিভিশনের সাংবাদিক নজরুল কবীর তার স্মৃতিচারণে বলেন, “এদেশের প্রতি নিজের দায়বোধ থেকে এ আন্দোলনে যুক্ত না হওয়া অপরাধ ছিল। কারণ অস্তিত্বের প্রশ্নে নিরপেক্ষ থাকা যায় না।
“আমাদের অগ্রজ শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল এদেশের মাটি। মুক্তিযুদ্ধের সময় যেভাবে শহীদুল্লাহ কায়সার, আবু তালেব ও সিরাজ উদ্দীন হোসেনের মতো সাংবাদিকরা রক্ত দিয়েছিলেন, সেভাবে সাংবাদিক নামধারী চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানরা বুদ্ধিজীবী হত্যায় সহায়তা করেছিল।”
“সেভাবে এখন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশের পক্ষে সাংবাদিক আছেন, পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও তরুণ প্রজন্মের অহিংস আন্দোলনকে ফ্যাসিস্ট বলতে পারে এরকম সাংবাদিকও আছেন।”
ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জুলফিকার আলী মানিক বলেন, “এটা কোনো দলীয় আন্দোলন ছিল না, এটা বাংলাদেশের আন্দোলন ছিল। একাত্তরে যেভাবে গণমাধ্যমকর্মীরা অস্ত্র হাতে যুদ্ধ নেমেছিল, সেভাবে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার এ আন্দোলনে তাদের অংশগ্রহণই স্বাভাবিক।
“শুধু সাংবাদিক হিসেবে নয়, বাংলাদেশের আন্দোলনে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলাম আমরা।”
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে আন্দোলন চালিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান তিনি।
এনটিভির সাংবাদিক প্রমথেশ শীল বলেন, “গণমাধ্যমের মূলনীতিই যাই থাকুক না কেন গণজাগরণের আন্দোলনের ক্ষেত্রে গণমাধ্যমগুলো মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক জায়গায় দাঁড়িয়েছিল।”
গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসূলের সঞ্চালনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক রাজু আলাউদ্দীন, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী, বৈশাখী টেলিভিশনের সাংবাদিক রিতা নাহার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক শিমুল বাশার, একাত্তর টেলিভিশনের সাংবাদিক শারমীন নীরা, চ্যানেল নাইনের সাংবাদিক রাব্বী ইবনে সিদ্দিকী বক্তব্য দেন।
এরআগে বিকেল তিনটা থেকে শাহবাগের মূলমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এতে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্ববোধক গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং শাহবাগ আন্দোলন নিয়ে লেখা বিভিন্ন গান পরিবেশন করে।
বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সন্ধ্যা সাতটায় শাহবাগের মূলমঞ্চে শুরু হয় গণমাধ্যমকর্মীদের স্মৃতিচারণ। এরপর ‘মুক্তিযুদ্ধের পঙক্তিমালা’পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়।
