২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা খুনের পর বিএনপি নেতার বাড়িতে হামলা

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতার বাড়িতে হামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার সকালে নিহত মোহাম্মদ উল্লাহর (৩৮) লাশ পাওয়া যায়। তিনি সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

লাশ উদ্ধারের পর বেলা ১২টার দিকে ওই ওয়ার্ডে কুশাখালী গ্রামে স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কোম্পানীর বসত ঘরে আগুন ও তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের পোড়াখালী খাল পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওসি বলেন, বুধবার রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে মোহাম্মদ উল্লাহ রাতে আর ফেরেননি।

সকালে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা পোড়াখালী খালের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আওয়ামী লীগের এ নেতাকে কুপিয়ে হত্য করেছে বলে জানান ওসি।

নিহতের ভাই জামাল বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা মোহাম্মদ উল্লাহকে হত্যা করেছে।”

এ দিকে লাশ উদ্ধারের পর বেলা ১২টার দিকে কুশাখালী গ্রামে স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কোম্পানীর বসত ঘরে অগ্নিসংযোগ ও তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের ঘর ভাংচুর হয়েছে।

হুমায়ুন কোম্পানির অভিযোগ, “বিক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে।”

সদর থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, কিছু দুস্কৃতিকারী হুমায়ুনের বাড়িতে আগুন ও জামালের বাড়ি ভাংচুর করেছে।

আগুনে ঘরের কিছু আসবাব পুড়ে গেছে বলে জানান তিনি।