২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরী অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীতে এক কিশোরী অপহরণের অভিযোগে তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন বাঁশখালী উপজেলার কোকদণ্ডী এলাকার রণজিৎ শীল, রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার সুজিত দাশ এবং লক্ষীপুর জেলার বাকচর এলাকার আবদুর রহমান। তারা তিনজনই পলাতক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

“পাশাপাশি তিন আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।”

মামলার বাদিসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হলো।

২০০৭ সালের ৩০ জানুয়ারি নগরীর সল্টগোলা এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করে ওই তিন আসামি।

এঘটনায় কিশোরীর মা বাদি হয়ে নগরীর বন্দর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন জমা দিলে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।