২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড়ি দম্পতি খুন

বান্দরবানের লামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে গুলি করে এবং তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

লামা থানার ওসি শাহাজাহান খাঁন জানান, বুধবার সকালের দিকে গজালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসমতি ত্রিপুরা (৪১) ও তার স্বামী ফ্রান্সিস ত্রিপুরা(৪৫)। তারা আঁখিরাম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

“তবে, গ্রেপ্তারের সুবিধার্থে আসামির পরিচয় গোপন রাখা হয়েছে।”

জমি নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিধিরা।

লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসমতি প্রংগঝিরি এলাকায় নিজেদের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে।

খবর পেয়ে স্ত্রীকে হত্যার প্রতিবাদ করতে গেলে ফ্রান্সিসকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।