২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ কমিশনার ৫ দিনের রিমান্ডে

পুলিশের এক সময়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও গত নির্বাচনের স্বতন্ত্র প্র্রার্থী মো. সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনারকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

গেণ্ডারিয়া থানার এ মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আতিকুর রহমান বুধবার শহীদকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।

অন্যদিকে শহীদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম মো. আব্দুস সালাম জামিন আবেদন নাকচ করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

আদালতে শহীদের পক্ষে শুনানি করেন শামীম কবির চৌধুরী ও শাহাদাত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন মিরাস উদ্দিন।

শহীদকে মঙ্গলবার ভোররাতে রাজধানীর গেণ্ডারিয়ার বাসা থেকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব।

পরে অস্ত্র আইনে গেণ্ডারিয়া থানায় একটি মামলা করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, শহীদের বাসায় সন্ত্রাসীদের অবস্থান ও নাশকতার পরিকল্পনা করার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা ওই অভিযান চালান। শহীদকে গ্রেপ্তার করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাসায় তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২ রাউন্ড গুলি পাওয়া যায়, যার মধ্যে তিনটি অস্ত্রই ‘অবৈধ’।

জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ক্ষমতাসীনদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিকভাবে হয়রানি করতে শহীদকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামির আইনজীবী শামীম কবির আলাদতকে বলেন, “তিনি বয়স্ক ব্যক্তি, অসুস্থ। আমি শহীদ কমিশনারের এলাকায় থাকি । কেউ তার সম্পর্কে কোনো কটূ কথা বলতে পারবে না।”

শহীদের সহযোগীরা পালিয়ে গেছে বলে র‌্যাব দাবি করলেও তারা অস্ত্র নিয়ে পালাতে পারল না কেন, আর ‘কড়া প্রস্তুতি সত্বেও’ র‌্যাব তাদের আটকাতে পারল না কেন- এমন প্রশ্ন তোলেন এই আইনজীবী।

তার বক্তব্যেও বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে মিরাস উদ্দিন বলেন, “আমেরিকার তৈরি দামি তিনটি পিস্তল কিনে আসামির হেফাজতে পাওয়া গেছে দেখিয়ে  বিপদে ফেলার মতো ‘সময় বা অর্থ’ পুলিশের নেই।

পুলিশের তথ্য অনুযায়ী, শহীদের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় অনেকগুলো মামলা রয়েছে।

অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালতে শহীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলেও ১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে উচ্চ আদালত থেকে খালাস পান শহীদ।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা শহীদ সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

স্ত্রী, মেয়েসহ আত্মীয়রা বুধবার তাকে দেখতে আদালতে আসেন।

শহীদ কমিশনার অস্ত্রসহ গ্রেপ্তার