২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে ২৫টি স্বর্ণবারসহ ভারতীয় আটক

বেনাপোল চেকপোস্ট সংলগ্ন নো-ম্যান্সল্যান্ড থেকে আড়াই কেজি ওজনের ২৫টি স্বর্ণবারসহ এক ভারতীয়কে আটক করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সকালে নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে আটক গোপাল (৪২) ভারতের পেট্রাপোল চেকপোস্টের ‘হাওলাদার মানিচেঞ্জার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

যশোর ২৬ ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, সকাল ১০টার দিকে মানিচেঞ্জার প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে গোপাল বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল চেকপোস্টে দায়িত্বরত বিএসএফ তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ২৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

তবে এই স্বর্ণ বাংলাদেশের কোথা থেকে এসেছে বা কে এগুলোর মালিক তা এখনও জানা যায়নি বলে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

কিভাবে সোনার চালানটি নিয়ে বাংলাদেশ চেকপোস্ট পার হয়ে নো-ম্যান্সল্যান্ড এলাকায় পৌছাল গোয়েন্দা সংস্থার লোকজন তাও খতিয়ে দেখছে বলে জানান তিনি।

নামপ্রকাশ না করার শর্তে চেকপোস্টের একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোপাল প্রতিদিন সকালে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল বাজারে আসে।

বাজার থেকে ইলিশ মাছসহ অন্যান্য জিনিস কিনে আবার ভারতীয় চেকপোস্টে চলে যায়। ওসব মাছসহ অন্যান্য জিনিস ভারতীয় পুলিশ ও কাস্টম কর্মকর্তাদের সরবরাহ করে থাকে আটক গোপাল।

এ কারণে দুপারেই গোপালের বেশ কদর রয়েছে। একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে গোপাল দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছে বলে তারা দাবি করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ আলী কদর (৩২) নামে এক ভারতীয় মজুরকে আটক করে বিএসএফ।