২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ‘সমন্বিত ভর্তি পদ্ধতি’ বাতিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বহু আলোচিত ‘সমন্বিত পরীক্ষা পদ্ধতি’ বাতিল হয়েছে। ফলে বিগত বছরগুলোর পদ্ধতিতেই আগামী ২১ মার্চ পরীক্ষার মাধ্যমে এবার ভর্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকেরপর উপাচার্য  অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া যাচ্ছে না।”

সমন্বিত পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হকের অনুপস্থিতিতেই এই বৈঠক হয়।

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর ইয়াসমীন হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।”

সমন্বিত পদ্ধতি এবারের মতো স্থগিত, না পুরোপুরি বাতিল করা হয়েছে- জানতে চাইলে উপাচার্য আমিনুল ইসলাম বলেন, “এবার হচ্ছে না মানেই বাতিল।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ জন্য শিক্ষার্থীদের কাছে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করছে। হতাশা প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সাত্তারও।

এবার এই দুই বিশ্ববিদ্যালয় একসঙ্গে পরীক্ষা নিতে চেয়েছিল। কিন্তু ‘সচেতন সিলেটবাসীর’ প্রতিবাদের মুখে নতুন সিদ্ধান্তের ফলে দুই বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা হবে।

পুরনো পদ্ধতিতেই আগামী ২১ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। যশোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ মার্চ হবে বলে অধ্যাপক সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই দিন আলাদাভাবে হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুটিতেই অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম।

অধ্যাপক সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।  শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা তা গ্রহণ করি।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে শাহজালাল এবং যশোর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি চালাচ্ছিল।

কিন্তু ‘সচেতন সিলেটবাসী’ ব্যানারে একটি পক্ষের দাবির মুখে গত ২৬ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ওই পদ্ধতি বাতিল করে ৩০ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

‘সচেতন সিলেটবাসী’ দাবি তোলে, একসঙ্গে পরীক্ষা হলে সিলেটের শিক্ষার্থীর বৈষম্যের শিকার হবে।

সমন্বিত পদ্ধতি স্থগিতের প্রতিবাদে অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমীন হক পদত্যাগের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের পাল্টা আন্দোলনের মুখে ২৭ নভেম্বর আবার একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল করা হয়।

বুধবার সেই সিদ্ধান্ত আবার উল্টে গেল। এর জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন যশোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তিনি বলেন, “সমন্বিত পদ্ধতি থেকে সরে আসতে বিভিন্ন মহল থেকে আমাদের ওপর চাপ দেয়া হয়, তাও আমরা সহ্য করেছি। শেষ পর্যন্ত দেখে নিলাম, তাই এর দায়ভার আমরা নেব না।”

ভর্তির আবেদনপত্রের সর্বশেষ তথ্যে দেখা যায়, কেবল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে ৪৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। যশোরের জন্য আবেদন করেছে ৫ হাজার ৮২৫ জন শিক্ষার্থী। দুটি বিশ্ববিদ্যালয়েই ভর্তির জন্য আবেদন করেছে- এমন শিক্ষার্থীর সংখ্যা  ৫ হাজার ৬১৩ জন।

এদের মধ্যে ৬ হাজার ৮১৮ জন যশোর কেন্দ্রে বসে শাহজালালের এবং ৩ হাজার ২০৩ জন সিলেট কেন্দ্রে বসে যশোরের জন্য পরীক্ষা দিতে চেয়েছিল।

পিছু হটল শাবি কর্তৃপক্ষ, জাফর ইকবাল থাকছেন

শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

শাহজালালে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

শাবিতে ভর্তির সমন্বিত পদ্ধতি বাতিলের দাবি