২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক আইনে ‘মিথ্যা তথ্যে’ শাস্তির ধারা বাতিলে রুল

কোনো ব্যক্তি সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ দিলে কারাদণ্ডের বিধান সম্বলিত দুদক আইনের ধারাটি কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না- সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 01:09 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ বুধবার এই রুল জারি করে।

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কর্যালয়ের সচিব, আইন সচিব ও দুদক চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। আদালতে শুনানিও করেন তিনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

পরে রিটকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন ব্যক্তি কোনো তথ্য দিলে এবং তা মিথ্যা প্রমাণিত হলে তাকে শাস্তি দেয়া ঠিক নয়।

“এই আইন থাকলে কেউ তথ্য দিতে এগিয়ে আসবে না। তা ছাড়া দুর্নীতিবাজরা অনেক টাকার মালিক। তারা অনেক সত্যকেও মিথ্যা বানিয়ে তথ্য প্রদানকারীকে ফাঁসিয়ে দিতে পারে। কেউ তথ্য দিলে দুদক তো তদন্ত করে দেখেই ব্যবস্থা নেবে।”

গত ১১ নভেম্বর  সংসদে পাস হওয়া সংশোধিত দুদক আইনের ২৮(গ) ধারায় বলা হয়েছে, “মিথ্যা জানিয়া বা তথ্যের সত্যতা সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত না হইয়া কোনো ব্যক্তি ভিত্তিহীন কোনো তথ্য, যে তথ্যের ভিত্তিতে এই আইনের অধীন তদন্ত বা বিচার কার্য পরিচালিত হইবার সম্ভাবনা থাকে, প্রদান করিলে তিনি মিথ্যা তথ্য প্রদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

“কোনো ব্যক্তি উপ-ধারা -১ এ উল্লিখিত কোনো মিথ্যা তথ্য প্রদান করিলে তিনি এই ধারার অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অন্যূন ২ (দুই) বৎসর বা অনধিক ৫ (পাঁচ) বৎসর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।”

আইনে বলা হয়, ‘মিথ্যা তথ্য’ দেয়া ব্যক্তি কমিশনের বা সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী হলে তার বিরুদ্ধেও ওই দণ্ড কার্যকর হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি অন্য একটি রায়ে হাই কোর্ট এ আইনের ৩২ (ক) ধারা বাতিল করে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া দুর্নীতি মামলা করা যাবে না বলে ওই ধারায় উল্লেখ করা হয়েছিল।

দুদক আইন: সরকারি কর্মচারী-জজদের বিশেষ সুবিধা বাতিল