চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই প্রতিবেশীর বিরোধ মেটাতে সালিশের মধ্যেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নাগদহ গ্রামে এ ঘটনা ঘটে।
জমি নিয়ে বিরোধের জের ধরে শহীদ মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষ মোজাম্মেল হোসেনের লোকজন পিটিয়ে মেরে ফেলে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শহীদ ও মোজাম্মেলের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের নিয়ে সালিশে বসে।
বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়।
এ সময় মোজাম্মেলের লোকেরা শহীদকে পিটিয়ে মেরে ফেলে। আহত হন দুপক্ষের অন্তত দুই জন।
খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শহীদের লাশ উদ্ধার করে।
ঘটনার পর থেকেই মোজাম্মেল ও তার লোকজন পলাতক বলে জানান ওসি।
