২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকবল সঙ্কটে মাগুরা সদরে দলিল রেজিস্ট্রি বন্ধ

দুই সপ্তাহের বেশি সময় ধরে মাগুরা সদর উপজেলার সাব রেজিস্ট্রার কর্মস্থলে অনুপস্থিত থাকায় দলিল রেজিস্ট্রিসহ অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এ ব্যাপারে মঙ্গলবার জেলা রেজিস্ট্রার সিরাজ উদ্দিন খান বলেন, “আমাদের লোকবল সঙ্কট আছে। এজন্য এক সাবরেজিস্ট্রারকেই বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে দায়িত্ব পালন করতে হয়।

তিনি বলেন, “মাগুরার শ্রীপুর উপজেলায় সাব রেজিস্ট্রার না থাকায় সেখানে দীর্ঘ দিন ধরে কোন রেজিস্ট্রেশন হচ্ছে না।”

সদর ও শ্রীপুরে লোকবল সঙ্কটের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখানকার লোক সঙ্কট দ্রুত সমাধানের আশ্বাস তাকে দেয়া হয়েছে।

এ রেজিস্ট্রি অফিসে দৈনিক ৬০-৭০টি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এছাড়া সহি মহুরির নকল তোলাসহ বিভিন্ন কাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ কুতুউদ্দিন।

তিনি বলেন, “সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতির কারণে রেজিস্ট্রিসহ সব কাজই বন্ধ রয়েছে। প্রতিদিন অনেক মানুষ এসে ফিরে যাচ্ছেন।

“দলিল লেখক ও সহকারীদের রোজগার বন্ধ হয়ে গেছে।”

এ বিষয়ে কথা বলতে সদরের সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়।