২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র নিয়ে খালেদার ভূমিকা ‘রহস্যজনক’

১০ ট্রাক অস্ত্রের চালান আটকের খবর পেয়েও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্লিপ্ততাকে ‘রহস্যজনক’ বলে এই রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 02:43 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

খালেদা-তারেককে জড়ানো উদ্দেশ্যমূলক: নোমান

নিজামী-বাবরসহ ১৪ জনের ফাঁসি

১০ ট্রাক অস্ত্র: মামলার ঘটনাক্রম

দশ ট্রাক: সেই রাতের কথা

গুলি থেকে রকেট লঞ্চার, সবই ছিল ট্রাকে

বিচারক আরো বলেছেন, সরকারের মন্ত্রী, সামরিক-বেসামরিক কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এই অস্ত্রসম্ভার আনা সম্ভবপর ছিল না।

২০০৪ সালের ১ এপ্রিল সংঘটিত এই ঘটনার সরকারি তদন্তে মাত্র তিনজনকে দায়ী করাকে নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক।

চাঞ্চল্যকর এই মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়া চট্টগ্রামের মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যালের দেয়া পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

এজলাসে রায় দেয়ার পাঁচ দিন পর বিচারক এসএম মজিবুর রহমান দুপুরে চোরাচালান ও অস্ত্র আইনের দুই মামলার রায়ে সই করেন।

নিয়ম অনুযায়ী, এই রায় এখন হাই কোর্ট, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে পাঠানো হবে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সাংবাদিকদের জানান, চোরাচালান মামলার পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে ২৬০ পৃষ্ঠায়। আর অস্ত্র আইনের মামলার রায় ২৫৪ পৃষ্ঠার।

এই মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া।

মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৪ জনের মধ্যে এনএসআইয়ের সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও মো. আবদুর রহীমও রয়েছেন।

মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বলেছে, আসামিরা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া ও অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশের জলসীমা ও স্থলভাগ ব্যবহার করে এত বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ পাচারের ঘটনাকে ‘নজিরবিহীন ও বড়মাপের’ উল্লেখ করে বিচারক এ মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তিই একমাত্র প্রাপ্য বলে মন্তব্য করেন।

খালেদার ‘নীরবতা’

রায় ঘোষণার দিন আদালতে বিচারক বলেন, মামলার সাক্ষী ডিজিএফআইর তৎকালীন প্রধান সাদিক হাসান রুমি টেলিফোনে বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানিয়েছিলেন।

কিন্তু এতে কোনো প্রতিক্রিয়া ‘না দেখিয়ে’ প্রধানমন্ত্রী ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান। সে সময় খালেদা জিয়া একটি কমিটি করে দেয়ার কথাও বলেন।

এই নির্লিপ্ততা প্রসঙ্গে রায়ে বলা হয়, “এতবড় একটি ঘটনার বিষয়ে অবহিত হয়ে কোনরূপ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত না করে তৎকালীন সরকার প্রধানের এরূপ নীরব ভূমিকা পালনও রহস্যজনক বলে প্রতীয়মান হয়।”

আদালতের এই পর্যবেক্ষণ উল্লেখ করে সংসদেও মঙ্গলবার আলোচনা তোলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি খালেদা জিয়ার বিচার দাবি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা এই অস্ত্র আনার ষড়যন্ত্রে ছিল, তাদের বিচারও হবে।

বিএনপি এই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আসছে। তারা বলছে, সরকার এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে এই মামলায় জড়ানোর ‘চক্রান্ত’ করছে।

সরকারি তদন্ত কমিটির ‘গাফিলতি’

২০০৪ সালে অস্ত্র আটকের পর গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনায় মাত্র তিনজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছে আদালত।

পর্যবেক্ষণে বলা হয়, বিস্ময়রকরভাবে ঘটনার মূলহোতা পরেশ বড়–য়ার নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

“মাত্র তিনজন ব্যক্তি কয়েক হাজার কোটি টাকা মূল্যের অস্ত্র আন্তর্জাতিক ও বাংলাদেশের জলসীমা ব্যবহার করে আনতে সক্ষম হবে এটা বিশ্বাসযোগ্য নয়।”

সরকারের ‘মদদ’ ছিল

সরকারি মদদ ছাড়া এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে আনা কোনো অবস্থায়ই সম্ভব নয় বলে আদালতের মন্তব্য।

পর্যবেক্ষণে বলা হয়, “এই মামলায় সাক্ষ্য-প্রমাণে উদঘাটিত হয়েছে যে, তৎকালীন সরকারের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়ার সাথে হাত মিলিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটিয়েছেন।”

এতে আরো বলা হয়, “এরূপ একটি ন্যক্কারজনক ঘটনার সাথে তৎকালীন সরকারের মন্ত্রী, এনএসআই এবং ডিজিএফআইয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থার ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ  জড়িত রয়েছেন।”

‘পুরোপুরি’ জড়িত বাবর

গুরুত্বপূর্ণ সাক্ষীদের দেয়া জবানবন্দি উল্লেখ করে আদালত বলেন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত ছিলেন।

সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঘটনাস্থল থেকে আটক পাঁচ ব্যক্তিকে ছেড়ে দেয়া, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের নিষেধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এনএসআই কর্মকর্তাদের নাম বাদ দেয়ার নির্দেশে বাবরের সংশ্লিষ্টতা প্রমাণ হয়।

“এসব ঘটনায় স্পষ্টতই বোঝা যায় যে, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই মামলার ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে জড়িত ছিলেন,” বলা হয় পর্যবেক্ষণে।

এত বড় একটি অপরাধের সঙ্গে যুক্ত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ন্যূনতম ব্যবস্থা না নিয়ে বাবর উপরন্তু তা আড়াল করার চেষ্টা করেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, বাবরের নির্দেশেই অস্ত্র আটকের সময় ঘটনাস্থলে থাকা সার্জেন্ট হেলাল ও আলাউদ্দিনকে পরে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় বলে তারা আদালতে জানিয়েছেন।

সামরিক-বেসামরিক কর্মকর্তাদের যোগসাজশ

অস্ত্র আমদানিতে উলফা নেতা পরেশ বড়–য়ার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআইয়ের সামরিক কর্মকর্তাদের গভীর সম্পর্কের বিষয়টি সাক্ষ্য প্রমাণে সুপ্রতিষ্ঠিত উল্লেখ করে এতে বিস্ময় প্রকাশ করেছে আদালত।

পর্যবেক্ষণে বলা হয়, “তাদের এরূপ আচরণে এটাই প্রতীয়মান হয় যে, ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের অব্যাহত সুসসম্পর্ক বিনষ্ট করার দুরভিসন্ধি নিয়েই আসামিগণ উলফা নেতার সাথে হাত মিলিয়েছে।”

“উল্লেখিত কতিপয় বিপথগামী সামরিক কর্মকর্তা এই মামলার ঘটনায় নিজেদের জড়িত করে আমাদের গৌরবোজ্জ্বল পররাষ্ট্রনীতিকে কলঙ্কিত করেছে।”

পরেশ বড়ুয়াকে এনএসআই ও ডিজিএফআইয়ের লোকজন আশ্রয়-প্রশ্রয় না দিলে এতবড় অপরাধ ঘটতে পারত না বলেও মন্তব্য করেছেন বিটচারক।

২০০৪ সালের সেই রাতে আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে সিইউএফএল জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।

পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে এই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।

অস্ত্র উদ্ধারের পর ২০০৪ সালের ৩ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে একটি এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে অারেকটি ন্য মামলাটি দায়ের করা হয়।

পাঁচ দফা তদন্ত কর্মকর্তা বদল এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২৯ নভেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

তিন বছরেরও বেশি সময় শুনানির পর গত ১৩ জানুয়ারি দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর ৩০ জানুয়ারি রায় দেন বিচারক।