নির্বাচনে অনিয়ম: টুকুকে হাই কোর্টের নোটিস
স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের আবেদনে দশম সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিজয়ী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে নোটিস পাঠিয়েছে হাই কোর্ট।
শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারের প্রতিমন্ত্রী ৫ জানুয়ারির নির্বাচনে পরাজিত প্রার্থী আবু সাইয়িদ ভোটে অনিয়মের অভিযোগ তুলে তাকে বিজয়ী ঘোষণা বা নির্বাচন বাতিল চেয়ে ওই আবেদন করেন।
ওই আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এই নোটিস জারি করে।
আবেদনকারীর আইনজীবী ইদ্রিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবু সাইয়িদকে সাংসদ ঘোষণা বা নির্বাচন বাতিল কেন করা হবে না, মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।”
নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী টুকুকে তিন সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে হবে।
ওই আসনে বাই-সাইকেল প্রতীকে জাতীয় পার্টি-জেপির প্রার্থী মো. ইয়াসিন আরাফাত, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পাটির প্রার্থী মো. নজরুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার, পাবনার রিটার্নিং কর্মকর্তাকেও (জেলা প্রশাসক) একই নোটিস পাঠানো হয়েছে।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে টুকুর বিপক্ষে প্রার্থী হন ওই আসনের সাবেক সংসদ সদস্য সাইয়িদ। ঘোষিত ফলাফলে দেখা যায়, টুকু ৬৭ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাইয়িদ পান ৪৪ হাজার ৫৭৯ ভোট।
আবু সাইয়িদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন মানেই হল জনগণের ইচ্ছার প্রতিফলন। এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে এখানে ভোট কেটে নেয়া হয়েছে।
“একজন ভোট ডাকাত জনগণের প্রতিনিধি সেজে সংসদে বসতে পারে না। এ কারণে আমি মনে করি, এখানে নতুন নির্বাচন হওয়া উচিত অথবা আমাকে সংসদ সদস্য ঘোষণা করা উচিত।”
আওয়ামী লীগের এক সময়ের তথ্য ও গবেষণা সম্পাদক সাইয়িদ ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হারিয়ে এই আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
পরে সাইয়িদ তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ‘সংস্কারপন্থীদের’ তালিকায় তার নামও যোগ হয়, দলে পদও হারান তিনি।
২০০৮ সালের নির্বাচনে এই আসনে নির্বাচন করে নিজামীকে হারিয়ে টুকু প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে টুকু নির্বাচনে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থী সাইয়িদের।
