নরসিংদীতে হাজতে নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ
নরসিংদীর শিবপুর থানা হাজতে নির্যাতনে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের নির্যাতনে মহসিনের (২৫) মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা দাবি করলেও পুলিশ বলছে রোববার রাতে গলায় মাফলার পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে থানা ঘেরাও করে এলাকাবাসী।
শিবপুর থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, একটি ডাকাতির মামলায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মহসিনকে রোববার রাতে পুলিশ আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে মহসিনকে থানা হাজতে রাখা হয়। রাত ৩টার দিকে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে, বলেন ওসি মিজান।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে নিহতের চাচাতো ভাই সানাউল্লাহ জানান, মহসিনের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না।
পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করে শারীরিক নির্যাতন চালালে তার মৃত্যু হয়।
