সোনা আত্মসাৎ: বেনাপোল পোর্ট থানার ওসি প্রত্যাহার
বেনাপোলে চোরাচালানের সোনা আত্মসাৎ মামলায় পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদারসহ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার বিকালে তাকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ১৫ জানুয়ারির এ ঘটনায় প্রত্যাহার হওয়া অপরজন হলেন সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সোয়েব আহম্মেদ জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২ জানুয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে ৫১ স্বর্ণের বারসহ মোমিন নামে এক চোরাচালানিকে আটক করে।
আটকের সময় তার কাছে থাকা ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানায় পুলিশ।
থানায় নিয়ে আসার সময় পোর্ট থানা পুলিশ কর্মকর্তার নির্দেশে মোমিনের পকেটে থাকা ১৫টি বার পুলিশ ভাগবাটোয়ারা করে নেয়।
পরে বিষয়টি জানাজানি হলে যশোরের পুলিশ সুপারের নির্দেশে মামলাটি যশোর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।
গোয়েন্দা পুলিশ সোনা পাচারকারী মোমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ৫১টি স্বর্ণের বারসহ আটক হওয়ার কথা স্বীকার করেন।
গত ১৩ জানুয়ারি মোমিন আদালতে এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন বলে জানান যশোর গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি পরিদর্শক মনিরুজ্জামান।
“মোমিনের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ওসি ও উপ-পরিদর্শকের সোনা আত্মসাতের ঘটনা।”
যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র জানান, বিষয়টি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে ওসি কাইয়ুমকে প্রত্যাহার করে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।
