২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু হত্যা, গ্রেপ্তার ৩

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাগের ভেতর রাখা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 10:59 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক নারীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার বিকালে উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে মো. নাজমুল ইসলামের (৪) লাশ উদ্ধার করা হয়। নাজমুল পাবনার চাঁদনগর থানার নাজিম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তাররা হলেন নরসিংদীর বুদ্দামারা নতুন বাজার এলাকার কুদ্দুস আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২১), তার বড় ভাই জাকির হোসেন (২৮) ও দিনাজপুরের দর্জিপাড়া এলাকার ইয়াকুব আলীর স্ত্রী শাহনাজ বেগম (২৫)।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আলমগীর ও শাহনাজের পরকীয়া প্রেমের ঘটনা দেখে ফেলায় শিশুটিকে দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজন ও এলাকাবাসী পুরিশকে জানিয়েছে।

এলাকাবাসী জানায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে স্ত্রী, পাঁচ মেয়ে এবং এক ছেলে নিয়ে আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।

একই বাড়ির পশ্চিম পাশে দুইটি টিন সেট কক্ষের একটিতে ভাড়া থাকেন আলমগীর হোসেন ও অন্যটিতে কারখানা শ্রমিক স্বামী পরিত্যক্তা শাহনাজ বেগম।

আলমগীর ও শাহনাজের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে বলেও দাবি এলাকাবাসীর।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, শনিবার বিকালে নাজমুল শাহনাজের ঘরে গিয়ে তাদের একসঙ্গে দেকে ফেলায় তাকে হত্যা করা হয়।

শনিবার সন্ধ্যা থেকে নাজমুলকে না পেয়ে তার পরিবার ও অন্য ভাড়াটিয়ারা বিভিন্ন স্থানে খুঁজাখুজি করেন।  পরে রাতে ও রোববার সারাদিন মাইকিংও করা হয়।

এসআই আজহারুল বলেন, রোববার বিকালে নাজমুলের বড় বোন শাহনাজের ঘরের পাশে গেলে ভেতরে তাদের কথোপকথন শুনে জানতে পারে নাজমুলকে খুন করা হয়েছে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পালিয়ে যাওয়ার সময় আলমগীর, জাকির ও শাহনাজকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

খবর পেয়ে পুলিশ এসে বিকাল ৫টায় একটি ব্যাগের ভিতর থেকে লাশ উদ্ধার করেন।