২ বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই বিক্রয় প্রতিনিধিকে গুলি করে দুর্বৃত্তরা দশ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, গুলিবিদ্ধ সোহাগ খান (৩৫) ও দৌলত কাজী (৩৫) আরামবাগের সিদ্দিক এন্টারপ্রাইজের কর্মী।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনির হোসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে সোহাগ ও দৌলত সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন এলাকা থেকে রিকশা করে আরামবাগ যাচ্ছিলেন।
“প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার সামনে একটি কালো প্রাইভেট কার রিকশা আটকে তাদের সঙ্গে একটি ব্যাগে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মনির হোসেন বলেন, “এসময় তারা বাধা দিলে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় দুবৃত্তরা।”
বাম উরুতে গুলিবিদ্ধ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহতরা সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নিচ তলার ৪৫ নম্বর দোকানে ‘বিকাশ’সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবসা চালাতো।
দিন শেষে ব্যবসার টাকা নিয়ে রিকশায় করে আরামবাগে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন বলে জানান তিনি।
