২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতা নিয়ে ঝগড়ায় প্রবাসে প্রাণ গেল ২ বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের শারজায় জুতার মালিকানা নিয়ে শ্রমিকদের মারামারিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 10:21 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

গত শনিবার শহরের কাশ্মিরি রেস্তোরাঁর কাছে শ্রমিক অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটে বলে গালফ নিউজ জানিয়েছে।

নিহত দুজন বাংলাদেশি বলে সংবাদপত্রটি জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ওই এলাকায় বিভিন্ন কোম্পানির এশিয়া অঞ্চলের শ্রমিকরা থাকেন। সেখানেই একজোড়া জুতার মালিকানা নিয়ে দুজনের কথা কাটাকাটি মারামারিতে গড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

শারজাহ পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে একজন শ্রমিক আরেক জন শ্রমিকের বুকে রান্নাঘরের ছুরি বসিয়ে দেন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং অন্য শ্রমিকরাও দুই দলে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং তিনজন আহত হন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।