২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহদ্দার হাটে মার্কেট নির্মাণ বন্ধের দাবি

বন্দর নগরীর বহদ্দার হাটে নালার ওপর সিটি কর্পোরেশনের (চসিক) মার্কেট নির্মাণের কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বহদ্দারহাটে পানি নিষ্কাশনের সুবিধার্থে চসিক নালা সম্প্রসারণ করে তার ওপর ‘অবৈধভাবে’ মার্কেট নির্মাণ করছে।

লিখিত বক্তব্যে স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, রাস্তা দখল করে নালার ওপর এ মার্কেট নির্মাণের ফলে জনগণের চলাচলের সমস্যার সাথে বহদ্দার হাটের স্বজন সুপার মার্কেট, আবু তাহের মার্কেট, খাজা মার্কেট, বখতিয়ার মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটের চলাচল বন্ধ হয়ে ছয় শতাধিক দোকান অচল হয়ে যাবে।

এছাড়া নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হবে।

তিনি অভিযোগ করেন, “চসিকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বড় ধরনের অর্থপ্রাপ্তির আশায় এবং মেয়রের নাম ব্যবহার করে স্থানীয় প্রভাবশালী একটি মহল মার্কেট নির্মাণের পাঁয়তারা করছে।”

গিয়াস জানান, ওই রাস্তায় আগে থেকেই অবৈধ কিছু দোকান ছিল। সম্প্রতি নালা সম্প্রসারণের জন্য সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সিডিএ চেয়ারম্যান ও সিটি মেয়রের সঙ্গে দেখা করেও কোনো ধরনের সুরাহা না হওয়ায় মার্কেটের মালিক হরিপদ বৈঞ্চব উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন।

“এ নিয়ে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা জারির পর মেয়রকে লিখিত আবেদন জানালেও কাজ বন্ধ করা হচ্ছে না,” বলেন গিয়াস।

মার্কেট নির্মাণ বন্ধ করা না হলে চসিক ঘেরাও কর্মসূচি দেয়ার হুমকিও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সরোয়ার আলম, আমিনুল ইসলাম, আবুল মনসুর সিকদার, খাজা মার্কেটের মালিক ফজল করিম, আবু তাহের মার্কেটের মালিক মো. জুয়েল প্রমুখ।