শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি নয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন।
সম্প্রতি ক্যাম্পাসে ভাংচুরের পর ব্যাপক ধরপাকড়ের মধ্যে রোবাবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রক্টরিয়াল বডি ও পুলিশ।
সভায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার দাস বলেন, গত শুক্রবার অভিযানে আটক ৮৪ জনের মধ্যে ৬৭ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাণ্ডবের ঘটনায় অভিযানে এখন থেকে শুধু সন্ত্রাসীদের আটক করা হবে, সাধারণ শিক্ষার্থীদের আটক বা হয়রানি করা হবে না।
সাত দিনের মধ্যে ছাত্রাবাস ছেড়ে দেওয়ার ব্যাপারে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টির কীভাবে সহজ সমাধান করা যায় সে বিষয়ে ভাবছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এক্ষেত্রেও যেন সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে হয়রানির শিকার না হয় তা দেখা হবে, বলেন এসি রাজন।
সন্ত্রাসীদের কোনো ছাড় নেই উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালাতে এবং সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
তবে সাধারণ শিক্ষার্থীদের মেসে যেন কোনো সন্ত্রাসী অবস্থানরত করতে না পারে সে বিষয়ে তাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে সহকারী প্রক্টর ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল সোয়েব, মিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
গত ২৬ জানুয়ারি ক্যাম্পাসে শিবিরের হামলা ও ভাংচুরের ঘটনার পর গত শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করে পুলিশ। এর আগে আরো দুই দফায় ১৭ জনকে আটক করা হয়।
এছাড়া শনিবার বিশ্ববিদ্যালয়ের আশপাশের ১২টি ছাত্রাবাসে নোটিশ দিয়ে এবং অন্যান্য ছাত্রাবাসের বাড়ির মালিকদের থানার ডেকে আগামী সাত দিনের মধ্যে ছাত্রাবাসগুলো খালি করার নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ।
শিবির আটকের নামে শিক্ষার্থীদের গণহারে আটক ও ছাত্রাবাস ছাড়ার নির্দেশে ভোগান্তি ও হয়রানির অভিযোগ তোলেন সাধারণ শিক্ষার্থীরা।
