২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার বস্তাবন্দি লাশটি এক গৃহকর্মীর

রাজধানীর উত্তরার এক বাড়ির পেছন থেকে শুক্রবার দুপুরে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার দুপুরে নিহতের বোন মিনার বেগম ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে জানান, নিহত দ্বি-খণ্ডিত নারী তার বোন খাদিজা বেগম (২৭)।

খাদিজা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন জানিয়ে মিনার বলেন, গত ২৪ জানুয়ারি সকালে উত্তরার তালটেকের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি তার বোন।

“এক সপ্তাহ ধরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, হয়েছে মাইকিং। তবু তাকে পাওয়া যায়নি।”

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ির পেছনে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় খাজিদার লাশ।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, লাশটি ছিল দুই টুকরো। কোমর থেকে নিচের ও ওপরের অংশ দুটি আলাদা দুটি বস্তায় ভরে দুই খণ্ড আবার এক বস্তায় ভরা ছিল।

খাদিজার দুই সন্তান রয়েছে। স্বামী নাম কাদের। তবে খাদিজা কাদেরের দ্বিতীয় স্ত্রী ছিল বলে নিহতের ভাবি আক্তারা বেগম জানান।

তিনি বলেন, খাদিজা নিখোঁজের কয়েকদিন আগে কাদের প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে যান।