রূপগঞ্জে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রোববার সকালে উপজেলার জিঙ্গাবো এলাকার ঢাকা ভিলেজ আবাসিক প্রকল্পের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাঈম ইসলাম (১৬) জিঙ্গাবো এলাকার মো. আউয়ালের ছেলে। সে উপজেলার জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এদিকে নাঈম হত্যার প্রতিবাদে তার স্কুলের সহপাঠীরা সকালে জিঙ্গাবো এলাকায় রূপগঞ্জ-খিলক্ষেত-ঢাকা সড়ক প্রায় একঘণ্টা বিক্ষোভ দেখায়।
নাঈমের বাবা আউয়াল বলেন, শনিবার রাত সোয়া ৮টার দিকে নাঈমকে তার সহপাঠী মারুফ বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নাঈম নিখোঁজ।
রোববার সকালে জিঙ্গাবো এলাকার ঢাকা ভিলেজ আবাসিক প্রকল্পের ভেতরে নাঈমের লাশ পাওয়া যায়।
বাসা থেকে ডেকে নিয়ে মারুফই তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন আউয়াল।
ওসি মো. আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যা। ঘটনার পর থেকেই মারুফ পলাতক।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
