২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম নগরী, মিরসরাই ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 06:52 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার বিকাল ৩টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বাদামতলি এলাকায় লরি চাপায় এক স্কুল ছাত্র নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল্লাহ আয়মান ফয়সাল (১৪) স্থানীয় ভিক্টোরিয়া ইস্পাহানি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তিনি ওই এলাকার আবদুস সবুরের ছেলে।

আকবর শাহ থানার এসআই আসাদুজ্জামান জানান, বাসা থেকে বাইসাইকেল চালিয়ে সিটি গেইটের দিকে যাওয়ার পথে ঢাকা ট্রাঙ্ক রোডে একটি লরি তাকে চাপা দেয়।

এ ঘটনায় লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এর আগে দুপুর ১টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়।

নিহত কামাল হোসেন (৩১) জোরারগঞ্জের বালুদিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় কামালের স্ত্রী মনোয়ারা বেগমও (২৬) আহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মেহেদী হাসান বলেন, চট্টগ্রামমুখী অটোরিকশাকে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কামাল মারা যান। আহত মনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সকালে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায়  এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

নিহত শাহ আলমের উপজেলা সদরে একটি দোকান রয়েছে।  সেখানে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আলমের ভাই আবছারও আহত হন।

লোহাগাড়া থানার এএসআই ফারুক ইসলাম বলেন, বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস আধুনগর এলাকায় ধাক্কা দিলে  ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।  আহত আবছারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।