২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

তারা হলেন- সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ হোসেন (২৭) ও একই গ্রামের  রেজাউল ইসলামের ছেলে হুমায়ুন কবির (২৫)।

৪৬ বিজিবির কমান্ডিং অফিসার মেজর জসিম উদ্দিন জানান, শনিবার ভোরে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা।

জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে করমুডাঙ্গা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের মেইন পিলার ২৪০/৫ আর এলাকা দিয়ে ওই দুজন ভারতে প্রবেশ করলে তালতলী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে ধরে নিয়ে যায়।

বিজিবির করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার মো. জালাল উদ্দীন জানান, দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত চেয়ে তালতলী বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।

আটক দুজনকে বামনগোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে চিঠির উত্তরে বিএসএফ জানিয়েছে বলে জানান জালাল।