২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা হত্যার কারণ এখনো অজানা

রাজধানীর মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা হত্যাকাণ্ডের পর সপ্তাহ পার হলেও এর কারণ বের করতে পারেনি পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 12:33 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটির এক কর্মী থানা হাজতে আত্মহত্যার চেষ্টা চালায়। হাজতে তার কাছে কিভাবে ব্লেড গেল, সেই প্রশ্নের উত্তরও নেই পুলিশের কাছে।

গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় খুন হন রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রানা (২৮)। থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন তিনি।

নিহতের বড়ভাই মতিউর রহমান অজ্ঞাত ৫/৭ জনকে আসামি ওই রাতেই মামলা করেন। তার দাবি, মাদক বিক্রিতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়।

তবে খুনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তারা হলেন- স্বেচ্ছাসেবক লীগকর্মী শামসুল হক বাহার ও মতিউর রহমান রিপন, যুবলীগকর্মী মো. জামাল মিয়া এবং স্থাপন কেবল টিভির ব্যবসায়ী মো. আবদুস সালাম।

বাহার, জামাল ও সালমকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করলেও রহস্যের কূলকিনারা হবে, এমন কোনো তথ্য তাদের কাছে পায়নি পুলিশ।

এদিকে গত ২৭ জানুয়ারি রিপন রমনা থানা হেফাজতে ব্লেড দিয়ে নিজের গলা কাটার চেষ্টা চালান। তাতে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিভাবে থানা হেফাজতে ব্লেড গেল- জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কামরুল নীরব থাকেন।

তিনি বলেন, “খুনের রহস্য উদঘাটনে পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করছে।”

ঢাকা মেডিকেলে মাহবুবুর রহমান রানার স্বজনদের আহাজারি।

ঢাকা মেডিকেলে মাহবুবুর রহমান রানার স্বজনদের আহাজারি।

ঢাকা মেডিকেলে মাহবুবুর রহমান রানার স্বজনদের আহাজারি।

নিহতের বড় ভাই মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তাদের তদন্ত প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট নই।”

এই হত্যার কারণ উদ্ঘাটনে ‘আন্তরিক’ উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

মগবাজারের পূর্ব নয়াটোলার চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন রানা।মগবাজারের একটি ক্লাব থেকে বন্ধুদের সঙ্গে মোটর সাইকেল নিয়ে বের হওয়ার পর খুন হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হেলমেট পড়া এক যুবক রানা মাথায় কোপ দেয়। তখন রানা মোটর সাইকেল থেকে পড়ে যান। ধারাল ওই অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়।

থানাহাজতে ‘আত্মহত্যার’ চেষ্টা রানা হত্যার সন্দেহভাজনের

মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা