২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধের’ পর ২ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে ‘বন্দুক যুদ্ধের’ পর দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 10:47 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের ধূপিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দুই জন হলেন স্থানীয় বশর বাহিনীর নাছির ওরফে কল্লা নাছির এবং রিমন। এদের মধ্যে নাছির পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

এ সময় পুলিশ একটি এলজি, একটি দেশি বন্দুক, আট রাউ- কার্তুজ, দুটি রাম দা ও একটি চাকু উদ্ধার করেছে।

অভিযানে পুলিশের তিন সদস্য এসআই নাজমুল, এসআই ফজলুর ও এএসআই আনসারুল সামান্য আহত হয়েছেন।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলীনগর এলাকার নিজ বাড়ি থেকে নাছিরকে আটক করা হয়। নাছিরের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য ধূপিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

“এসময় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।”

ওসি খালেদ হোসেন বলেন, বন্দুকযুদ্ধ চলাকালে নাছির পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে রিমনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

আহত নাছিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়েছে।

আহত তিন পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি খালেদ হোসেন বলেন, বশর বাহিনীর সদস্যরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। নাছিরের বিরুদ্ধে তিনটি মামলা আছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী।

ঘটনার সময় পুলিশ ছয় রাউন্ড গুলি ছোড়ে বলে জানান তিনি।

এদিকে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।