ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির সভাপতি হয়েছেন ওয়াজির সাত্তার। আর তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হয়েছেন তৌফিক ইমরোজ খালিদী।
শুক্রবার সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে এ নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক ফখরুল আলম নতুন কমিটির এই নাম ঘোষণা করেন।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই চালু হয় ইংরেজি বিভাগ। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে সাড়ে চার দশকেরও বেশি সময় পর, ১৯৮৬ সালে। প্রতি বছরের মতো এবারো জানুয়ারির শেষ শুক্রবার বার্ষিক পুনর্মিলনীতে মিলিত হন সংগঠনের সদস্যরা।
বিকেল সাড়ে ৪টায় বিভাগের প্রয়াত অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক তাহমিনা আহমেদ। অ্যালামনাই সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তারও বক্তব্য রাখেন।
সোসাইটির সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সন্ধ্যার পর অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় নতুন কমিটি। এতে সভাপতির দায়িত্ব পান যোগাযোগ বিশেষজ্ঞ ওয়াজির সাত্তার, যিনি ইংরেজি বিভঅগের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী।
আগের কমিটির নির্বাচিত সভাপতি নন্দন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর চৌধুরীর মৃত্যুর পর থেকে ওয়াজির সাত্তারই সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সাধারণ সম্পাদক পদে আবারো এসেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
সহসভাপতি হয়েছেন কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত সিলভিয়া ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া ও ব্যবসায়ী ইশতিয়াক মজিদ।
যুগ্ম সম্পাদক হিসাবে রয়েছেন ব্যবসায়ী দেওয়ান এম শাহরিয়ার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
গঠনতন্ত্র অনুযায়ী ২৫ সদস্যের এই কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ।
সদস্য নির্বাচিত ১৭ জন হলেন- অ্যাডকমের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, সাবেক সচিব রেজাউল কবির, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দা সারওয়াত আবেদ, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, সাবেক তথ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটিএম সাজেদুল হক, উপসচিব মাহবুবা ফারজানা, নায়েমের উপপরিচালক ও সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক মিয়া, অতিরিক্ত কর কমিশনার এম রফিকুল ইসলাম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মো. আব্দুস সামাদ আল আজাদ, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী সাবেরা আহমেদ, রূপায়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান, ইংরেজি বিভাগের শিক্ষক ফারহানাজ রাব্বানি, প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, কাতার এয়ারওয়েজের কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম ও আশরাফুল আলম।
