ইউসুফের পক্ষে সাফাই সাক্ষী ৩ জন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের পক্ষে তিনজন সাফাই সাক্ষীকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
একইসঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
ফাইল ছবি
গতবছর ৫ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হওয়ার দিন ৫৬ জন সাফাই সাক্ষীর তালিকা দাখিল করেছিল আসামি পক্ষ। সেই তালিকা থেকেই তিনজনের সাক্ষ্য নেয়ার অনুমতি দেয়া হয়।
ওইদিন ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে জেরা শেষ করেন ইউসুফের আইনজীবী মিজানুল ইসলাম।
সোমবার সাক্ষ্য দেন হেলাল উদ্দিন, বুধবার জেরা শুরু করেন মিজানুল ইসলাম।
গতবছরের ৫ সেপ্টেম্বর থেকে ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ২৭ জন সাক্ষ্য দেন তার বিরুদ্ধে।
২০১৩ সালের ১ অগাস্ট একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এর মধ্যে ৫টি হত্যা, ৭টি গণহত্যার এবং অগ্নিসংযোগ ও একটি লুটপাটের অভিযোগ রয়েছে।
১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
