টাকার বিনিময়ে শিশু ধর্ষণ ঘটনা মিটমাটের চেষ্টা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক গ্রামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হলে বিষয়টি সবার নজরে আসে। শিশুটি বর্তমানে জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেয়েটিকে চিকিৎসাধীন রয়েছে বলে মেডিকেল অফিসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়।
ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক রেজা বলেন, “গত রোববার বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে গেলে শিশুটিকে ধর্ষণের শিকার হয়।
“এ ধর্ষণের দায়ে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে রিপনকে (১৯) আসামি করে থানায় মামলা হয়েছে।”
ধর্ষণের পর স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি নিষ্পত্তি করতে বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত ওই এলাকার বাসিন্দা আকরাম হোসেন, সবুজ হোসেনসহ অনেকে জানান, বৈঠকে ইউপি সদস্য শিশুটির পরিবারকে চার লাখ টাকা নিয়ে ঘটনাটি মিটমাট করে নেয়ার প্রস্তাব দেন।
তবে বৈঠক আহ্বানকারী ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, স্থানীয় বিষয় হওয়ায় এটি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।
তবে টাকা নিয়ে আপোষের অভিযোগটি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
